নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত বিপ্লব চন্দ্র শীল কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনীর মেটলাইফ এজেন্সির বসুরহাট বাজার ইউনিটের ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কবিরহাট–বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সাবেক সহকর্মী আব্দুল মোবারক হৃদয় জানান, বিপ্লব চন্দ্র শীল পরিবার নিয়ে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার দুপুরে পারিবারিক কাজে তিনি কবিরহাট যান। পরে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জের বাসার উদ্দেশ্যে রওনা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পথিমধ্যে মোটরসাইকেলটি গলাকাটা পোল এলাকায় পৌঁছালে কবিরহাটগামী একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিপ্লব চন্দ্র শীল মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিপ্লবকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কবিরহাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
এই বাংলা/এমএস
টপিক

