এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

0
208
শরিফ ওসমান হাদি / ছবি - সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে। রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওসমান হাদির চিকিৎসার জন্য গত দুদিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনা শেষে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

ডা. মো. সায়েদুর রহমান জানান, হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ জন্য মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ-সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসমান হাদির চিকিৎসা-সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। প্রাথমিক অস্ত্রোপচার শেষে তাকে পরিবারের সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে স্থানান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here