উপজেলা নির্বাচন অফিসে সহকারী কর্মকর্তাকে পিটিয়ে জখমের অভিযোগ

0
495
বকেয়া বিল চাওয়ায় সহকারী কর্মকর্তাকে পেটালেন উপজেলা কর্মকর্তা / ছবি - এই বাংলা

নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলায় উপজেলা নির্বাচন অফিসে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম তার সহকারী নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে-কে অফিসের ভেতরে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে পিটিয়ে জখম করেছেন। বিষয়টি বকেয়া বিল সংক্রান্ত মতপার্থক্যের জেরে ঘটেছে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, ২০ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে অফিসে সহকারী আল-ইমরান বকেয়া বিল সম্পর্কিত বিষয় উপস্থাপন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পার্থ প্রতীম দে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে, উপজেলা নির্বাচন কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সহকারী কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। অভিযোগ অনুযায়ী, এর পর পার্থ প্রতীম দে-কে কিল-ঘুষি মারতে শুরু করেন, যার ফলে তার বাম হাতের কনুই মারাত্মকভাবে জখম হয়।

আহত পার্থ প্রতীম দে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং নিজের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। তিনি জানান, ‘‘আমি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি, কিন্তু অফিস প্রধানের সহিংস আচরণে আমার নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।’’

উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার বিষয়ে বলেছেন, ‘‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। অফিসকে আমি আমার পরিবার মনে করি, তাই ধমক দিয়েছি।’’

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘‘ঘটনাটি ন্যাক্কারজনক। লিখিত অভিযোগ পেয়েছি এবং সরেজমিনে ঘটনা খতিয়ে দেখেছি। জেলা পর্যায় থেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here