ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে তুচ্ছ একটি বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের দিন বিকেলে কয়েকজন কিশোরের মধ্যে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে ইব্রাহিম মিয়া নামে এক ব্যক্তি আহত হন।
এর পরদিন প্রতিশোধমূলক হামলার অভিযোগ ওঠে। হামলাকারীরা কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং খড়ের গাদায় আগুন দেয় বলে অভিযোগ রয়েছে। এতে কৃষক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি। পরিবারের সদস্যদের দাবি, মেয়ের বিয়ের প্রস্তুতির মধ্যেই তাদের বাড়িতে হামলা চালানো হয়। এতে বিয়ের আয়োজনের বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে যায় এবং অনুষ্ঠান ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম জানান, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

