ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সহোদরের ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
রোববার (৩১ মে) দুপুরের দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মেহের আলীর তিন ছেলে কুতুব আলী, মেসবাহ এবং মেসের আলীর পরিবারের বসতঘরগুলোতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে।
জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া ও স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুস সবুর জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। একটি ঘরে আগুন লাগার পর দ্রুত তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, খাদ্যসামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের প্রচেষ্টায় আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। আকস্মিক এ ঘটনায় পরিবারগুলো মানবিক সংকটে পড়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
এই বাংলা/এমএস
টপিক

