ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বুধবার (১১ মার্চ) দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্ষা মৌসুমে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত ঘাটগুলো ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। যাত্রী ও যানবাহনের ওঠানামা সহজ করতে ক্ষতিগ্রস্ত লঞ্চ ও ফেরিঘাট পুনঃমেরামত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই সব ঘাটের প্রস্তুতি সম্পন্ন হবে এবং যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন।

এ সময় তিনি লঞ্চ, ফেরি ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘাট এলাকা চাঁদাবাজ ও হকারমুক্ত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুননাহার চৌধুরী, অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চিফ ইঞ্জিনিয়ার এইচ এম ফরহাদুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম (পিপিএম) এবং শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং লঞ্চ ও স্পিডবোট মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী যাত্রীদের সুবিধার্থে পন্টুন ও পার্কিং ইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনা দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here