ঈশ্বরদীতে খায়রুল গ্রুপের উদ্যোগে ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত প্রতিযোগিতা

ঈশ্বরদীতে খায়রুল গ্রুপের উদ্যোগে ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত প্রতিযোগিতা / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে খায়রুল গ্রুপের উদ্যোগে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এক দিনব্যাপী ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে আয়োজিত প্রতিযোগিতায় ১০টি মাদ্রাসার ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিজয়ী ২৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি শায়েখ হাফেজ ক্বারী আব্দুল হক। সহযোগী বিচারক ছিলেন ফরিদপুরের মারকাযুল নূর ক্যাডেট মাদ্রাসার পরিচালক শায়েখ বেলাল হোসাইন মাদানী, হাফেজ মাওলানা আবু তালহা ও হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। স্বপ্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং মুফতী আল আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোখলেছুর রহমান, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার ওসি মোঃ মমিনুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, “নতুন প্রজন্মকে ধর্মীয় সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত রাখার এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। খায়রুল গ্রুপের এ উদ্যোগে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

খায়রুল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনেম তাজওয়ার অহিন বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে আছে। জেনারেল শিক্ষার্থীদের জন্য যেমন নানা প্রতিযোগিতার আয়োজন হয়, আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন করছি যাতে তারা এগিয়ে যেতে পারে।”

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. খায়রুল ইসলাম বলেন, “ভালো কাজের জন্য বাধা আসে না। মাদ্রাসার শিক্ষার্থীদের মূল্যায়ন এবং উৎসাহিত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে তারা স্কুল-কলেজ শিক্ষার্থীদের মতো সুযোগ পায়।”

অনুষ্ঠান শেষে মাদ্রাসা ছাত্র, শিক্ষক, প্রশাসন কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য অতিথিদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here