
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণ অঞ্চলের চারটি ইউনিয়নের ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় হাজী সাব্বির আহমেদ মার্কেট সংলগ্ন মাঠে সদর উপজেলা ওলামা দলের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহইয়া মাসউদ, জামিয়াতুল আবরার উরশিউড়ার মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান, এবং বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল ও ওলামা দলের নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে আলেম ও ওলামাদের পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। তিনি উল্লেখ করেন, ২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করা সেই ঐক্যের নজির।
তিনি আরও বলেন, আগামী দিনেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম সমাজের দিকনির্দেশনায় দেশ পরিচালনা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত ওলামা-মাশায়েখরা দেশের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য রক্ষায় নিজেদের মতামত তুলে ধরেন।
এই বাংলা/এমএস
টপিক
