জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ভ্যানগাড়িতে পরিবহন করা ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানগাড়িতে করে বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় ২৩ বস্তা ডিএপি সার নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন ইউএনও।
পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস