অষ্টগ্রামে নির্মাণাধীন ব্রিজে গাড়ি চলাচল নিয়ে ঠিকাদার প্রতিনিধিকে হুমকির অভিযোগ

0
226
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকার নির্মাণাধীন বাধাঘাট ব্রীজ দিয়ে জোরপূর্বক গাড়ি দিয়ে চলাচল করতে ব্রীজের ঠিকাদারের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযেগে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক / ছবি - এই বাংলা

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকায় নির্মাণাধীন বাধাঘাট ব্রিজ দিয়ে জোরপূর্বক গাড়ি চলাচল করাতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে এ সংক্রান্ত কথোপকথন প্রকাশ্যে আসে।

অডিওতে শোনা যায়, ব্রিজ নির্মাণকাজ চলমান থাকা সত্ত্বেও গাড়ি চলাচল নিশ্চিত করতে চাপ প্রয়োগ করা হচ্ছে। ঠিকাদারের ম্যানেজার কাজ চলাকালীন ব্রিজ দিয়ে গাড়ি চললে দুর্ঘটনার আশঙ্কার কথা জানালে তাকে এলাকা থেকে তুলে নেওয়া ও ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে জানতে আল মাহমুদ মোস্তাকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঠিকাদারের ম্যানেজার রাকিব বলেন, তারা সরকারি উন্নয়নকাজ বাস্তবায়নে এসেছেন। কাজ চলাকালে ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় হুমকি পেয়ে তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিষয়টি ঠিকাদারকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর অষ্টগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল বলেন, ভাইরাল হওয়া কল রেকর্ডের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে। একজন সদস্য সচিবের এমন আচরণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here