লালপুরে পদ্মা নদীতে গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ১৭ জুন, ২০২৬
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে এক জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাহাবুল ইসলাম (৪৫) পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মো. ইউনুছ প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে লালপুরের রাইটার চর এলাকায় পদ্মা নদীতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরছিলেন সাহাবুল ইসলাম ও তার সহযোগী রবিউল ইসলাম। এ সময় নদীর তীরবর্তী চরাঞ্চল থেকে মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।
গুলিতে সাহাবুল গুরুতর আহত হন। প্রাণ বাঁচাতে তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হন। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহাবুলের মরদেহ উদ্ধার করে।
রবিউল ইসলাম জানান, তারা কয়েকদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। হামলাকারীদের কাউকে তিনি শনাক্ত করতে পারেননি।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাও উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।