মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা ও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন মন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে।” এ ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী জানান, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।