রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

রংপুরের মিঠাপুকুর উপজেলার বগের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া, শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার করানো, মানসম্মত পাঠদান না করা, শিক্ষার্থীদের দিয়ে জাতীয় পতাকা নামানো এবং বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে প্রায়ই সরকারি নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই শ্রেণি কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ পাঠ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবকরা।

এছাড়া কয়েকজন অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ের টয়লেট পরিষ্কারের মতো কাজও শিক্ষার্থীদের দিয়ে করানো হয়, যা শিশুদের জন্য অনুপযুক্ত এবং তাদের মর্যাদা ও নিরাপত্তার পরিপন্থী।

স্থানীয়দের অভিযোগ, শ্রেণিকক্ষে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে তারা মনে করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আরও অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের জাতীয় পতাকা নামানোর দায়িত্বও শিক্ষার্থীদের ওপর ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য, জাতীয় পতাকা উত্তোলন ও অবতোলনের দায়িত্ব বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পালন করা উচিত।

বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠন নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, স্বচ্ছতা ও বিধি-বিধান অনুসরণ না করে কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর