স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের কার্ডিয়াক ইমার্জেন্সি বিভাগে কর্মরত এক স্টাফ নার্সের বিরুদ্ধে রোগী ও স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জুন) সকালে কার্ডিয়াক ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন অভিযোগ করেন, রোগীকে কখন কোন ওষুধ খাওয়াতে হবে সে বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত স্টাফ নার্স তাহেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। অভিযোগ অনুযায়ী, তিনি রোগী ও স্বজনকে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার কথাও বলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নার্স এক পর্যায়ে বলেন, “ভালো ব্যবহার পেতে হলে বেসরকারি ক্লিনিকে যান। এখানে এর চেয়ে বেশি কিছু আশা করবেন না।”
এ ঘটনায় উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালের সেবাগ্রহীতারা অনেক সময় এমন আচরণের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
তবে কয়েকজন রোগী ও স্বজন জানান, হাসপাতালের চিকিৎসকদের আচরণ তুলনামূলকভাবে সন্তোষজনক এবং তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে অভিযুক্ত স্টাফ নার্সের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
রোগী ও স্বজনরা হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক আচরণ নিশ্চিত করা হলে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।