নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ, আহত ৫
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ২০ মে, ২০২৬
নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছোট গোষ্ঠীর ওপর বড় গোষ্ঠীর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হঠাৎ একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ির বসতঘর ও কয়েকটি দোকানঘরে ভাঙচুর চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, মোবাইল ফোন, টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় তৌফাজ্জল মিয়া (৩৫), সুমাইয়া আক্তার (১৮), রিনা বেগম (৬০), হোসনা বেগম (৫৫) ও ইউসুফ মিয়া (২৫) আহত হন। গুরুতর আহত তৌফাজ্জল মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের এসআই সোহেল সিকদার বলেন, “গত রাতে কাহেতুরা গ্রামে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”