রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

নাঙ্গলকোটে সাংবাদিকের কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ, অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক বেলাল হোসেন রিয়াজের কার্যালয়ে একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে কার্যালয় থেকে তুলে নেওয়ার চেষ্টা করে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নাঙ্গলকোট থানার সন্নিকটে আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বেলাল হোসেন রিয়াজ তার কার্যালয়ে বসে সংবাদ তৈরির কাজ করছিলেন। এ সময় মুখোশধারী একদল কিশোর গ্যাং সদস্য কার্যালয়ে প্রবেশ করে। তারা সাংবাদিকের দিকে অস্ত্র তাক করে তাকে অফিস থেকে বের হওয়ার নির্দেশ দেয় এবং জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।

ঘটনার সময় ভবনটিতে অবস্থানরত একটি মাদ্রাসার শিক্ষার্থী ও বসবাসরত পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বেলাল হোসেন রিয়াজ বলেন, “আমি অফিসে বসে নিউজের কাজ করছিলাম। হঠাৎ মুখোশ পরা একদল কিশোর এসে আমার দিকে পিস্তল তাক করে বলে, ‘তুই অফিস থেকে বের হও, তোর সঙ্গে কথা আছে।’ আমি বের হতে অস্বীকৃতি জানালে তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আমি কৌশলে পুলিশকে খবর দিই। পুলিশ আসছে বুঝতে পেরে তারা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।”

তিনি জানান, এ ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বেলাল হোসেন রিয়াজ নাঙ্গলকোট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “প্রকাশ্যে একজন সাংবাদিকের কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই বাংলা/এমএস
টপিক
এই সম্পর্কিত আরো খবর