কুড়িগ্রামে যমুনা টিভির নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ১৫ জুন, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে কিছু ব্যক্তি যমুনা টেলিভিশনের পরিচয় ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনৈতিক সুবিধা আদায় ও হয়রানির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
যমুনা টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি মো. নাজমুল ইসলাম এক বিবৃতিতে জানান, যমুনা টিভির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের নির্দিষ্ট অফিসিয়াল পরিচয়পত্র, ডিজিটাল আইডি এবং অনুমোদিত যোগাযোগ নম্বর রয়েছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কেউ নিজেকে যমুনা টিভির প্রতিনিধি হিসেবে পরিচয় দিলে তা গ্রহণ না করার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি গণমাধ্যমের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি এবং ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যদি সন্দেহজনকভাবে গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানে প্রবেশ বা তথ্য সংগ্রহের চেষ্টা করে, তাহলে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরই সহযোগিতা করা উচিত। প্রয়োজনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করারও পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, গণমাধ্যমের নাম ভাঙিয়ে প্রতারণা ও হয়রানি রোধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সচেতনতাও এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।