সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বরিশালে কলেজের পুকুর ভরাট বন্ধ, আইনগত পদক্ষেপের প্রস্তুতি

বরিশাল ব‍্যুরো
  • প্রকাশকালঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

বরিশালের সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট করে ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরিশাল কলেজের পুকুরটির আয়তন একসময় প্রায় ৩০ শতাংশ ছিল। গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর ট্রাকে করে বালু এনে পুকুরে ফেলা শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের মধ্যে পুকুরটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বালু ফেলা হয়েছে। সরেজমিনে পুকুরটির দক্ষিণ পাশের কিছু অংশ আগেই ভরাট করা হয়েছে বলেও দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, কলেজ ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম টিপুর সহায়তায় পুকুর ভরাটের কাজ শুরু হয়। তবে টিপু সাংবাদিকদের বলেন, এটি একটি ডোবা এবং সেখানে অশ্বিনী কুমার দত্তের নামে ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। কলেজ কর্তৃপক্ষই সেখানে বালু ফেলছে বলে জানান তিনি। তাঁর দাবি, জায়গাটি কলেজের নিজস্ব, সিটি করপোরেশনের নয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, কলেজের পুকুরটি সীমানাপ্রাচীরের বাইরে অবস্থিত। এটি ভরাটের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে এবং এ নিয়ে পরিবেশবাদীরা আন্দোলনও করেছেন। তাঁর ভাষ্য, পুকুরটি স্থানীয় বাসিন্দাদের পানির চাহিদা পূরণে ভূমিকা রাখত। সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলাশয় ভরাট করা পরিবেশ আইনের লঙ্ঘন।

বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদার জানান, প্রশাসকের নির্দেশে রোববার (১৮ অক্টোবর) দুপুরে তাঁরা ঘটনাস্থলে যান। এ সময় কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে পুকুর ভরাট বন্ধ রাখার আইনি বাধ্যবাধকতা জানানো হয়। অধ্যক্ষ কাজ বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কর্মকর্তারা জানান, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী মহানগর এলাকায় নির্ধারিত জলাধারের শ্রেণি পরিবর্তন ও ভরাটের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির বিধানও রয়েছে।

এ বিষয়ে সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, কলেজের গঠিত তিন সদস্যের একটি কমিটি ভরাটের কাজের দায়িত্বে ছিল। ছাত্রদলের সভাপতি টিপু স্থানীয় বাসিন্দা হওয়ায় সেখানে নিয়মিত থাকেন।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। তাঁরা পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাটের সত্যতা পেয়েছেন। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে।

পুকুরটির জমির শ্রেণি, ভরাটের অনুমোদন এবং প্রস্তাবিত ছাত্রাবাস নির্মাণের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নথিপত্র পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ