ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার চর ঘিওর পূর্ব পাড়া গ্রামে প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক অভিমান থেকে জিহাদ (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (১৯ তারিখ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত জিহাদ মহাদেবপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি চর ঘিওর পূর্ব পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়ির উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের বারান্দার শয়ন কক্ষে কাঠের রুয়া সঙ্গে রশি ব্যবহার করে তিনি আত্মহত্যা করেন।
ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় অভিমান থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ পেয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

