গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক আতাউর রহমান (৩২) কে অপহরণের পর মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে, সঙ্গে অজ্ঞাত আরও চারজনকে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লাল চান জানান, আতাউর রহমান রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (ওয়েলডান মোড়) এলাকায় তার বাসার সামনে থেকে জোরপূর্বক অপহরণ করা হয়। তাকে আসাদুল ইসলামের দোকানে নিয়ে যাওয়া হয়, সাটার বন্ধ করে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়।
অপহরণকারীরা আতাউরের কাছ থেকে নগদ ৩৭ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিং (বিকাশ) অ্যাকাউন্ট থেকে আরও ৮ হাজার টাকা নিয়ে নেয়। পরে মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দেওয়ায় তাকে আসাদুল ইসলামের বাসার একটি কক্ষে আটকে রেখে বিভিন্ন সময়ে মারধর করা হয়। এছাড়া ভুক্তভোগীর শ্যালক ও বোনের ফোনে বারবার হুমকিও দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতাউর রহমানকে উদ্ধার করে। অভিযানে গ্রেফতার করা হয় এনামুল হক (৪০) ও আদাম বেপারী বাবুকে (৩২)। পরবর্তী দিন আসাদুল ইসলাম (৪৬) গ্রেফতার হন।
গ্রেফতারকৃতরা হলেন: আসাদুল ইসলাম, বগুড়ার ধুনট উপজেলার রোকন তালুকদারের ছেলে, ৪৬ বছর, এনামুল হক, ৪০ বছর, আদাম বেপারী বাবু, শ্রীপুর পৌরসভার মৃত মাইন উদ্দিন বেপারীর ছেলে, ৩২ বছর, অপর আসামিরা হলেন রহিমা খাতুন (৪২) ও আনোয়ার হোসেন (৪০)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত এনামুল হক ও আদাম বেপারী বাবুকে গাজীপুর আদালতে পাঠানো হয়। অপর আসামি আসাদুল ইসলাম এবং ভুক্তভোগী আতাউর রহমানকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

