উলিপুরে মানবেতর জীবনযাপন করছেন এক বিধবা নারী, সরকারি সহায়তার অপেক্ষা

0
175
চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন বিধবা মোছাঃ রাবেয়া বেগম / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

‘গাছের তলত, মানুষের জায়গাত, ভাঙা টিনের ঘরত থাকি। যে শীত ও ঠান্ডা ঘরত থাকা যায় না। স্বামী নাই, কাউ হামাক দেখে না। মানুষের বাড়িত কাজ করি খাই। যেদিন কাজে যাই সেদিন খাই। যেদিন না যাই, সেই দিন কষ্টে থাকি। সরকার যদি এহনা জায়গা আর ঘর করি দেয় তাহলে ভালো হইতো।’

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সদ্দারপাড়া এলাকায় চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন বিধবা মোছাঃ রাবেয়া বেগম (৫৬)।

ভাঙা টিন, পলিথিন, কাঠ ও পাটখড়ি দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরে আশ্রয় নিয়ে গাছের নিচে তার বসবাস। শীত ও বৃষ্টির দিনে এই ঘরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

রাবেয়া বেগম জানান, স্বামী চার-পাঁচ বছর আগে মারা যাওয়ার পর থেকেই তিনি অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কাজ পেলে খাবার জোটে, আর কাজ না থাকলে দিন কাটে অনাহারে।

তিনি বলেন, বিধবা ভাতার একটি কার্ড থাকলেও সেই সামান্য টাকায় জীবন চালানো খুব কঠিন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি, তবে মেয়ের সংসারিক জটিলতার কারণে নিয়মিত খোঁজখবর পান না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তার জেঠাতো ভাই মোঃ আবু বক্কর মিয়া বলেন, স্বামীহারা হওয়ার পর রাবেয়া বেগম খুব কষ্টে আছেন। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় নিয়মিতভাবে তাকে সহায়তা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুস সালাম জানান, তার নিজস্ব জমিতে রাবেয়া বেগম একটি অস্থায়ী ঘর তুলে বসবাস করছেন। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী দিন দিন আরও অসহায় হয়ে উঠছেন। সরকারি সহযোগিতা পেলে তার শেষ জীবনটা কিছুটা স্বস্তিতে কাটতে পারত বলে তিনি মনে করেন।

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহামুদুল হাসান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। রাবেয়া বেগমের ঠিকানা পেলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here