ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

0
159
নোয়াখালীতে দিনমজুর পিটিয়ে হত্যার ঘটনায় পিবিআইয়ের হাতে এক আসামি গ্রেপ্তার / ছবি - এই বাংলা

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চোর সন্দেহে আটক করে পিটিয়ে এক দিনমজুরকে হত্যার মামলায় মো. লুৎফুর রহমান ওরফে লাতু (৫৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার আগে সোমবার সন্ধ্যায় পিবিআই অভিযান চালিয়ে যাদবপুর গ্রাম থেকে লাতুকে গ্রেপ্তার করা হয়।

নিহত আলাউদ্দিন (২৬) নোয়াখালীর বাটইয়া ইউনিয়নের বাসিন্দা ও পেশায় দিনমজুর ছিলেন।

পিবিআই জানায়, ২০২৪ সালের ১ মে রাতে তৎকালীন চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যার বাড়িতে চোর সন্দেহে আলাউদ্দিনকে আটক করে কেয়ারটেকার লাতু। পরে চেয়ারম্যানের নির্দেশে লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি ভবনে আটকে রাখা হয়। সেদিন রাতে পালিয়ে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে তিনি মারা যান।

চেয়ারম্যানের পরিবার প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিলেও পরে কোনো ব্যবস্থা নেয়নি। পরে নিহতের মা আদালতের মাধ্যমে মামলা করেন। ঘটনার ৩৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়।

পিবিআই এসপি বলেন, দীর্ঘ ১৭ মাসের তদন্তে এজাহারভুক্ত আসামি লাতুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here