নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

0
143
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আবু বাহার / ছবি - সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেনকে একলাশপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চিঠিতে উল্লেখ করা হয়, এডভোকেট আব্দুর রহীম চুন্নুর দায়ের করা অভিযোগের পর তদন্তে একলাশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বাহারের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী জনস্বার্থে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেনকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

এডভোকেট আব্দুর রহীম চুন্নু অভিযোগ করে বলেন, প্রায় ১৬ মাস দায়িত্ব পালনকালে প্যানেল চেয়ারম্যান আবু বাহার নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। তিনি একাধিক প্রকল্পে দৃশ্যমান কাজ না করেই অর্থ উত্তোলন করেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নাম ব্যবহার করে ১০টি প্রকল্প অনুমোদনের চেষ্টা করেন এবং এক শতাংশ বরাদ্দের প্রায় ২৮ লাখ টাকার কাজ না করে অর্থ আত্মসাৎ করেন। উপজেলা প্রশাসনের তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বাহার বলেন, “শুরু থেকেই একটি পক্ষ আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারা আমাকে পদত্যাগ করতে চাপ দেয় এবং না করলে একের পর এক অভিযোগ দেওয়ার হুমকি দেয়। এসব অভিযোগ আমি প্রত্যাখ্যান করছি।”

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন,
“চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে অপসারণ করে আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা এবং জনসেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here