কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসক কার্যালয়ে উত্তেজনা

0
163
কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা ঘিরে ডিসি অফিসে সমর্থকদের হট্টগোল / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্তৃপক্ষ। প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায় রোববার (৪ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ে অসংগতি ধরা পড়ায় আইন অনুযায়ী প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাইয়ের সময় মো. মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। পরে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগসংক্রান্ত আবেদন বাতিলের দালিলিক প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি তা উপস্থাপন করতে পারেননি। ফলে রোববার তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের পর কুড়িগ্রাম জেলা প্রশাসকের হলরুমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই থেকে আড়াইশ জামায়াতের নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ প্রদর্শন করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহবুবুল আলম সালেহী সাংবাদিকদের জানান, রোববার দুপুরে জেলা প্রশাসক তাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডেকেছিলেন। তবে পর্যাপ্ত সময় ও সুযোগ না দিয়েই তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, বিশেষ চাপ বা পূর্বপরিকল্পিত সিদ্ধান্তের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, মনোনয়নপত্রে আইনগত ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে। তবে প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here