জাতীয় সোর্স কোড নীতিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ করেছে সরকার

0
137
জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ / ছবি - ইন্টারনেট

অনলাইন ডেস্ক :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে স্বীকৃতি দিতে এবং এসব সফটওয়্যারের মালিকানা, নিরাপত্তা, স্বচ্ছতা ও পুনর্ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে জাতীয় সোর্স কোড নীতিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খসড়াটি আইসিটি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ‘পাবলিক মানি, পাবলিক কোড’ স্লোগানে। এটি সরকারি বাজেট, বৈদেশিক ঋণ ও উন্নয়ন সহযোগী অর্থায়নে তৈরি সব ধরনের সফটওয়্যার ও ডিজিটাল সেবার ক্ষেত্রে প্রযোজ্য এবং সব সরকারি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

নীতিমালার প্রধান বিধানসমূহ :

১. কেন্দ্রীয় সোর্স কোড রিপোজিটরি বাধ্যতামূলক সরকারি অর্থায়নে নির্মিত সব সফটওয়্যারের সোর্স কোড বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত জাতীয় রিপোজিটরিতে সংরক্ষণ করতে হবে। রিপোজিটরিতে না থাকলে কোনো সফটওয়্যার প্রোডাকশনে ডেপ্লয় করা যাবে না।

২. ‘রিইউজ ফার্স্ট’ নীতি নতুন সফটওয়্যার তৈরির আগে বিদ্যমান সমাধান পুনর্ব্যবহার করতে হবে। পুনর্ব্যবহার না করলে এর যৌক্তিকতা লিখিতভাবে জানাতে হবে।

৩. ‘পাবলিক মানি, পাবলিক কোড’—ডিফল্ট ওপেন সোর্স ব্যতিক্রম না পাওয়া পর্যন্ত সরকারি মালিকানাধীন সোর্স কোড প্রকাশ্য বলে গণ্য হবে। নিরাপত্তা, প্রতিরক্ষা ও বিশেষ ক্ষেত্রগুলোতে অব্যাহতি দেওয়া যেতে পারে। তবে রিপোজিটরিতে সংরক্ষণ বাধ্যতামূলক।

৪. নিরাপদ উন্নয়ন ও বাধ্যতামূলক CI/CD স্ট্যান্ডার্ড কোডিং গাইডলাইন, স্বয়ংক্রিয় টেস্টিং, দুর্বলতা স্ক্যানিং, লাইসেন্স যাচাই এবং ম্যানুয়াল অনুমোদনসহ অনুমোদিত CI/CD প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক হবে। রিপোজিটরিতে রোল-বেজড অ্যাকসেস কন্ট্রোল ও এনডিএ স্বাক্ষরের বিধান রয়েছে।

৫. ডেটাসেট ব্যবস্থাপনা ও জাতীয় ডেটা ক্যাটালগ সরকারি সফটওয়্যারের ডেটাসেটকে উন্মুক্ত, সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত—এই তিন শ্রেণিতে ভাগ করে জাতীয় ডেটা ক্যাটালগে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। মেশিন লার্নিং বা এপিআইভিত্তিক সিস্টেমের ক্ষেত্রে ইনপুট-আউটপুট ও ডেটা উৎস ডকুমেন্টেশন সংরক্ষণ করতে হবে।

৬. বাস্তবায়ন ও তদারকি নীতিমালা প্রয়োগ ও ব্যাখ্যায় কর্তৃপক্ষ দায়িত্ব পালন করবে। রিপোজিটরি ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারক করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

নীতিমালা প্রতি তিন বছর অন্তর বা প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা হবে।

দেশ-বিদেশে অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক খসড়া নীতিমালার ওপর মতামত পাঠাতে পারবেন।

ই-মেইল: secretary@ictd.gov.bd
ডাকযোগে:
সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
আইসিটি টাওয়ার (৪র্থ তলা), আগারগাঁও, ঢাকা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here