কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। প্রতিদিনই বাড়ছে শীতের দাপট। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শীতের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নিম্নআয়ের মানুষ। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘোড়াগাড়িচালক মো. জলিল মিয়া (৬০) বলেন, “ঠান্ডা দিন দিন বাড়ছে। বাতাস আর কুয়াশায় গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। হাত-পা বরফ হয়ে আসে।”
অন্যদিকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কৃষিশ্রমিক মো. আব্দুল কাদের (৫৫) জানান, “এখন আমন ধানের কাজের মৌসুম। কিন্তু সকালে ঠান্ডা এত বেশি থাকে—ঘর থেকে বের হওয়াই কঠিন। তবুও কাজ করতে হয়, না হলে সংসার চলবে না।”
জেলায় শীতার্ত মানুষের সহায়তায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন। তিনি বলেন, ৯টি উপজেলায় ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল কেনা হচ্ছে এবং তালিকা অনুযায়ী শীতার্ত মানুষের মাঝে তা বিতরণ করা হবে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, “মঙ্গলবার ভোরে কুড়িগ্রামে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।”
এই বাংলা/এমএস
টপিক

