পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর পৌর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে এ কর্মসূচির নেতৃত্ব দেন পিরোজপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, যিনি পিরোজপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়কও।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সকালে পৌরসভার ব্যস্ত সড়ক, কাঁচাবাজার, মাছবাজার, চালবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে ৩১ দফার লক্ষ্য, গুরুত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার নেতৃত্বে কর্মসূচি চলাকালে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান কবির মুন্না, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা কাঁচাবাজার সমিতির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক জানিস মাহমুদসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এলিজা জামান বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের একটি সামগ্রিক পরিকল্পনা। গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই দফাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, পিরোজপুরের মানুষ বহুদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। জনগণের অধিকার আদায়ে তিনি আগের মতো ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

