নাটোর প্রতিনিধি :
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রার্থিতা বাতিল ও নতুন প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রামকৃষ্ণপুর এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। এতে অংশ নেন নাটোর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে এবং জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।
মিছিলকারীরা এ সময় ব্যারিস্টার পুতুলের মনোনয়ন বাতিল ও ডা. রাজনকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
লালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, “তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের বিজয় নিশ্চিত করতে হলে ত্যাগী ও দুঃসময়ের কান্ডারী ডা. ইয়াসির আরশাদ রাজনকেই প্রার্থী করা জরুরি।”
বক্তারা আরও বলেন, মরহুম প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুর পর তার ছেলে ডা. রাজনের নেতৃত্বে বিএনপির রাজনীতি পুনরায় শক্তিশালী হয়েছে। জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে প্রার্থী করা হলে তৃণমূলের নেতাকর্মীরা তা মেনে নেবেন না।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু, উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান কবির সুইট, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, আড়বাব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল হক শিমুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও প্রাক্তন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন নাটোর জেলা বিএনপির সদস্য এবং ছোট মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। গত ৩ নভেম্বর পুতুলকে নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই ডা. রাজন ও এড. তাইফুল ইসলাম টিপুর অনুসারীরা পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, অন্যদিকে পুতুলের সমর্থকরা তাকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করছেন।
এই বাংলা/এমএস
টপিক

