পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

0
168
তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির সমাবেশ / ছবি : এই বাংলা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি :


পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাটমোহর পৌর শহরের বালুচর মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাটমোহর উপজেলা বিএনপির একাংশ এ সমাবেশের আয়োজন করে। এতে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ ভুলে এক মঞ্চে উপস্থিত হন মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। তারা একযোগে কেন্দ্রীয় বিএনপির কাছে হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

বক্তব্যে হাসাদুল ইসলাম হীরা বলেন, “কেন্দ্রীয় নেতারা ভুল করেছেন, কিন্তু তারেক রহমান সাহেব ভুল করতে পারেন না। তাঁকে ভুল বোঝানো হয়েছে। পাবনা-৩ আসনে যদি বিএনপিকে জয়ী করতে হয়, তবে স্থানীয় প্রার্থী মনোনয়ন দিতে হবে। বহিরাগত কাউকে আমরা মেনে নেব না।”

অন্যদিকে কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “পাবনা-৩ আসনের মানুষ বহিরাগত প্রার্থী চায় না। মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। আমি দলের প্রতি অনুগত, তবে আশা করছি কেন্দ্র সিদ্ধান্ত পরিবর্তন করবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক, যুবদল নেতা কাকন, বিএনপি নেতা আবদুল মুত্তালিব, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম হৃদয়, আবু সায়েম, রুহুল কবির প্রমুখ।

জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর নিয়ে গঠিত পাবনা-৩ আসনের মধ্যে চাটমোহর উপজেলায় সবচেয়ে বেশি ভোটার থাকলেও এখানকার কেউ কখনও সংসদ সদস্য নির্বাচিত হননি। তাই এলাকাবাসীর প্রত্যাশা ছিল এইবার বিএনপি থেকে স্থানীয় প্রার্থী মনোনয়ন পাবেন। কিন্তু কেন্দ্রীয়ভাবে সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে প্রার্থী ঘোষণা করার পর থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিভক্তি দেখা দিয়েছে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here