সাটুরিয়া প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা এবং ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন — সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ খ ম নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব।
এর মধ্যে মফিজুর রহমান ও আনিসুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অগ্নিসংযোগের চেষ্টার মামলা করা হয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে দড়গ্রাম ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। ব্যাংকের নিরাপত্তাকর্মী মোতালেব বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরদিন সোমবার রাতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি করে সাটুরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
অন্যদিকে একই রাতে ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গী এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের একাংশ। বিষয়টি পুলিশের নজরে এলে রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, “অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় ব্যাংক ব্যবস্থাপক বাদী হয়ে একটি মামলা করেছেন, আর পুলিশের পক্ষ থেকেও আরেকটি নাশকতা মামলা করা হয়েছে। দুটি মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
এই বাংলা/এমএস
টপিক

