নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে অনুষ্ঠিত হয়েছে “গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ।
রোববার (৯ নভেম্বর) বিকেলে মাছমা গ্রামের তরুণ উদ্যোক্তা ও ক্রীড়ানুরাগী গোলাম কিবরিয়ার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সাত দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় মাছমা স্টার এলেভেন ও গোয়ালনগর স্কুলপাড়া একাদশ।
হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, বাদ্য-বাজনা ও করতালিতে মুখর ছিল গোটা এলাকা। ফাইনাল ম্যাচে আগে ব্যাটিং করে গোয়ালনগর স্কুলপাড়া একাদশ ১৫৪ রানের টার্গেট ছুড়ে দেয় মাছমা স্টার এলেভেনের সামনে। উত্তেজনাপূর্ণ খেলায় ৮ উইকেট হারিয়ে জয় পায় স্বাগতিক মাছমা স্টার এলেভেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রমাণ চিত্র পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও মাতৃকা জেনারেল হাসপাতালের পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “জীবন ক্ষণস্থায়ী, তাই যতদিন বেঁচে আছি, ভালো কাজে যুক্ত থাকতে হবে। যুব সমাজকে মাদকমুক্ত থেকে খেলাধুলায় মনোযোগী হতে হবে।”
আয়োজক গোলাম কিবরিয়া বলেন, “গোয়ালনগরের তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় যুক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ফাইনালে দুই দলই দারুণ খেলা উপহার দিয়েছে, যা গোয়ালনগরবাসীর মনে আনন্দের দোলা দিয়েছে।”
খেলাধুলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ আরও বৃদ্ধি করবে।
এই বাংলা/এমএস
টপিক

