অপরাধ দমনে বরিশালে স্থাপন করা হলো ৬০০ সিসি ক্যামেরা

0
174
সিসি ক্যামেরা / ছবি - সংগৃহীত

বরিশাল প্রতিনিধি :

বরিশালে সাম্প্রতিক সময়ে অপহরণ, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম বেড়ে যাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে মোট ৬০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে জেলায় ৫৭৭টি এবং মহানগর এলাকায় ২৩টি ক্যামেরা বসানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসাইন।

সভায় জানানো হয়, অক্টোবর মাসে বরিশালে মোট ৪৩২টি অপরাধ সংঘটিত হয়েছে—এর মধ্যে মহানগরে ১৪৭টি এবং উপজেলাগুলোতে ২৮৫টি। সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল যথাক্রমে ১৬১ ও ১৮৬। ফলে অক্টোবর মাসে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অক্টোবরে মহানগরে অপহরণের ঘটনা ঘটেছে পাঁচটি, যা সেপ্টেম্বরে ছিল মাত্র একটি। যদিও ধর্ষণের ঘটনায় সামান্য হ্রাস দেখা গেছে—সেপ্টেম্বরে ১৫টির তুলনায় অক্টোবরে ঘটেছে ১৩টি।

সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, “কোনো অবস্থাতেই জনগণের ভোগান্তি সৃষ্টি করে রাস্তা বন্ধ বা বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।”

প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here