বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কালিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের কালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে কালিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন এআই টেকনিশিয়ান দেবাশীষ কুমার দাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. তীর্থ সরকার।

আলোচনা সভায় বক্তব্য দেন নারী উদ্যোক্তা ও খামারি মনিরা বেগম, পোল্ট্রি খামারি মো. জুম্মান খান, পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা শাহীদ আলী, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ শিহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি সেবার পাশাপাশি খামারিদের সচেতনতা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের আরও উন্নয়নে উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামারিদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তাঁরা আরও বলেন, প্রাণিজ পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকারি দপ্তর, খামারি ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় কালিয়া উপজেলার বিভিন্ন এলাকার খামারি, নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর