বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, খামারিদের প্রশিক্ষণে গুরুত্ব

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব যেন সবার আগে বাংলাদেশ’ এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এ দুই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি এবং খামারি আতাউর রহমান, মুক্তারুজ্জামান ও দেলোয়ার।

সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টির চাহিদা পূরণ, নিরাপদ আমিষ উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে তাঁদের উৎসাহিত করতে হবে।

আলোচনায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ আমিষ উৎপাদন এবং খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় উঠে আসে। স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানো এবং খামারিদের স্বাবলম্বী করে তোলার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর