বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আকস্মিক পরিদর্শনে কলেজে শিক্ষার্থী পেলেন একজন, ব্যবস্থা নিতে নির্দেশ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে শিক্ষকদের কাছে জানতে চান তিনি। তবে তাঁদের জবাবে সন্তুষ্ট হতে না পেরে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী।

পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত দেখে এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের বিষয়ে জানতে চান মন্ত্রী। তিনি বলেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে শিক্ষক জানান, কলেজে ১৫ জন ছাত্রী রয়েছে।

এ সময় মন্ত্রী জানতে চান, অন্য শিক্ষার্থীরা কেন আসেনি। জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’ আরেক শিক্ষক জানান, ওই শ্রেণির অনেক শিক্ষার্থী তখনো ক্লাসে আসেনি। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাসে প্রবেশ করেছেন।

পরে মন্ত্রী ক্লাস শুরুর সময় জানতে চাইলে শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকের ভাষ্য, শিক্ষকরা ক্লাসে প্রবেশ করলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে অবস্থান করছে।

একপর্যায়ে এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহা রয়েছে। তাঁদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর