চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, মসজিদ এলাকার উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, মিনার নির্মাণ, ওয়াকওয়ে ও পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে জনগণ ও মুসল্লিদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনের সম্মেলনকক্ষে আসন্ন খতীবে বাঙ্গাল আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী (রহ.)-এর ওরস ও ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামী ৪ ও ৫ ডিসেম্বর এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
চসিক প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জমিয়তুল ফালাহ মসজিদকে প্রতিষ্ঠাকালীন পরিকল্পনা ও নকশার আলোকে একটি সুন্দর ও আধুনিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে কিছু সমস্যা থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো সমাধান করা সম্ভব।
মসজিদ এলাকায় মুসল্লি ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, অবৈধ স্থাপনা কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে উন্নয়নকাজে বাধা দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের একাধিকবার সতর্ক করা হয়েছে। প্রয়োজনে অবৈধ স্থাপনা অপসারণ করে উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, জমিয়তুল ফালাহ মসজিদে প্রতিবছর ঈদের প্রধান জামাতসহ বিভিন্ন বড় ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। তাই মসজিদটির সৌন্দর্য ও পরিবেশ চট্টগ্রাম শহরের মর্যাদার সঙ্গেও জড়িত। মসজিদের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করার পাশাপাশি একটি মিনার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
মসজিদসংলগ্ন এলাকাকে অপরাধমুক্ত ও জনবান্ধব করতে পার্ক নির্মাণের উদ্যোগের কথাও জানান প্রশাসক। তাঁর ভাষ্য, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব বন্ধে পরিকল্পিত পার্ক গড়ে তোলা হবে। সেখানে মুসল্লিরা হাঁটাচলা করতে পারবেন এবং সাধারণ মানুষও অবসর সময় কাটানোর সুযোগ পাবেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, যতদিন তিনি নগরবাসীর সেবায় দায়িত্বে থাকবেন, ততদিন জনস্বার্থবিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না। মসজিদ এলাকায় সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আসন্ন ওরস ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে প্রশাসক বলেন, আয়োজনটি সফল করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে মিশর, তুরস্ক, ইরাক, ইরান, আফগানিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিরা পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। সম্মেলন বিকেল ৪টায় শুরু হয়ে এশার নামাজের পর রাত ৯টা পর্যন্ত চলার কথা রয়েছে।
পর্ষদের প্রধান সমন্বয়কারী ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলহাজ আলী হোসেন সোহাগের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পর্ষদের সেক্রেটারি জেনারেল প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল, মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ খোরশেদুর রহমান, সহসভাপতি এম এ হামিদ, সংগঠনের সদস্য আলহাজ আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, মো. সাইফুদ্দিন, প্রফেসর ড. জাফরুল্লাহ, দিলশাদ আহমেদ, সালামত উল্লাহ, মাহবুবুল আলম ও মনসুর শিকদারসহ অন্যরা।
এই বাংলা/এমএস