বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শিক্ষার্থী থেকে অসুস্থ রোগী—গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা ডিসির

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গণশুনানিতে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কথা শুনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কারও চিকিৎসার ব্যয়, কারও পড়াশোনা চালিয়ে নেওয়ার খরচ, আবার কারও পারিবারিক দুর্দশা লাঘবে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন প্রণয় দাশ। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতায় অনিশ্চয়তার মুখে পড়েছে তাঁর শিক্ষাজীবন। অন্যদিকে হৃদ্‌যন্ত্রের ভালভ প্রতিস্থাপনের ব্যয় বহন করতে পারছেন না পটিয়ার মো. সেলিম। আর স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন বাঁশখালীর মাহমুদুল ইসলাম।

জীবনের কঠিন সময়ে এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁদের অসহায়ত্বের কথা শুনে গণশুনানিতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে অসুস্থ ও অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় দাশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে বইপত্র, শিক্ষা উপকরণ ও যাতায়াতের খরচ জোগানো তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাঁর পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

বাঁশখালীর সরল ইউনিয়নের বাসিন্দা মাহমুদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তারের গত বছর বাঁ পাশের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। সম্প্রতি ডান পাশেও একই ধরনের সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকেরা আবারও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত মাহমুদুলের আবেদনে সাড়া দিয়ে তাঁকেও সহায়তা দেন জেলা প্রশাসক।

পটিয়ার ৪২ বছর বয়সী মো. সেলিম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ করতেন তিনি। কিন্তু প্রায় ছয় মাস ধরে অসুস্থ থাকায় এখন সংসারের দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রের ভালভ প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।

হাটহাজারীর রহিমপুর গ্রামের ৭০ বছর বয়সী মোহাম্মদ ইসা চৌধুরী একসময় বাসে কাজ করতেন। ঘাড়ে টিউমার, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে উপার্জনের সক্ষমতা হারিয়েছেন তিনি। চিকিৎসার খরচ বহন করা তো দূরের কথা, পরিবারের সদস্যদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করাও তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাঁর দুর্দশার কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক।

চন্দনাইশের নাছিমা আক্তার স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর তিনটি অস্ত্রোপচার প্রয়োজন। নিজের বাড়ি না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে তাঁকে। অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

এ ছাড়া মূত্রনালির সংক্রমণে আক্রান্ত চট্টগ্রাম নগরের দয়াল হরি জলদাশের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিনের গণশুনানিতে সরাসরি আটজন সেবাপ্রত্যাশী এবং অনলাইনে একজন প্রবাসী অংশ নেন। তাঁরা জমি নিয়ে বিরোধ, সম্পত্তি জবরদখলসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের অভিযোগ শুনে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। কয়েকটি আবেদন ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি ও ফলাফল সংশ্লিষ্ট সেবাপ্রত্যাশীদের জানানো হয়।

চিকিৎসার ব্যয় বহন করতে না পারা রোগী, অর্থাভাবে শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় থাকা শিক্ষার্থী কিংবা সম্পত্তি নিয়ে বিরোধে জর্জরিত নাগরিক—গণশুনানির মাধ্যমে তাঁদের সমস্যা ও দুর্ভোগ সরাসরি শুনছেন জেলা প্রশাসক। প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের দুঃসময়ে আর্থিক সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক ভূমিকা রাখছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর