মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে অবস্থিত কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির দ্বিতীয় তলার ১১টি কক্ষে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে এ ঘটনায় ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর স্টেশনের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিমান বাহিনীর ১৫ সদস্যের দলটি ১০ হাজার লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন একটি অগ্নিনির্বাপণ যান নিয়ে সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে বিমান বাহিনীর দুই কর্মকর্তা, ১১ জন বিমানসেনা এবং দুইজন অসামরিক ফায়ার ফাইটার অংশ নেন। আগুন নেভানোর পাশাপাশি তাঁরা ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণেও ভূমিকা রাখেন। বিমান বাহিনীর একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষে থাকা ভাড়াটিয়া হকার ও ব্যবসায়ীদের মালামাল এবং আসবাবপত্র পুড়ে যায়। এতে ভবনটিরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ ফয়েজ আহমদ জানান, সকাল ১০টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একাংশের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।
বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের স্কোয়াড্রন লিডার খায়রুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাঁদের অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই বাংলা/এমএস