বগুড়ার শিবগঞ্জে অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধানচাষিরা। পাকা ধান কেটে মাঠে রাখার পর কয়েক দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমে ভিজে গেছে কাটা ধান। কোথাও সারি করে, আবার কোথাও স্তূপ করে রাখা ধানের গোছা পানিতে পড়ে রয়েছে। সময়মতো ধান শুকিয়ে মাড়াই করে ঘরে তুলতে না পারলে অঙ্কুরোদ্গম, পচন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচ পুষিয়ে নেওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকার আমন ধানের মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমিতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। অনেক জমিতে পানি জমে থাকায় ধান শুকানো সম্ভব হচ্ছে না। কোথাও কৃষকেরা ভেজা ধান উঁচু স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আবার কোথাও রোদ ওঠার অপেক্ষায় পড়ে রয়েছে কেটে রাখা ধান। ধান ঘরে তোলার ব্যস্ততম সময়ে বৃষ্টির কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে বিপুল অর্থ ব্যয় করে তাঁরা আমন ধান উৎপাদন করেছেন। ধান পেকে যাওয়ায় আবহাওয়া অনুকূলে থাকতেই তা কেটে মাঠে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে তাঁদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। জমিতে পানি জমে থাকায় ধান শুকানো ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে ধানে অঙ্কুরোদ্গম ও পচন ধরার পাশাপাশি বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলার ফেনিগ্রামের কৃষক আব্দুল হাই বলেন, “অনেক কষ্ট করে ধান উৎপাদন করেছি। ধান কেটে মাঠে রেখেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। জমিতে পানি জমে থাকায় ধান শুকানো যাচ্ছে না। এভাবে পড়ে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কীভাবে ধান ঘরে তুলব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।”
আরেক কৃষক আব্বাস আলী বলেন, “ধান কাটার পর ভেবেছিলাম দ্রুত মাড়াই করে ঘরে তুলব। কিন্তু বৃষ্টির কারণে সব কাজ বন্ধ হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় ধান সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এতে লোকসানের আশঙ্কা করছি।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় এবার মোট ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৪০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। মূলত নিচু জমিগুলোতেই কিছুটা পানি জমেছে।
তিনি আরও বলেন, শনিবার বিভিন্ন মাঠ পরিদর্শন করে দেখা গেছে, অধিকাংশ জমিতে তেমন পানি জমেনি। কিছু নিচু জমিতে পানি আটকে রয়েছে। আবহাওয়া ভালো হলে এবং রোদ উঠলে কৃষকেরা দ্রুত ধান শুকিয়ে মাড়াই করে ঘরে তুলতে পারবেন। বৃষ্টির পরিমাণ বেশি হলে কেটে রাখা ধানে অঙ্কুরোদ্গমের আশঙ্কা তৈরি হতে পারত। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই অনুকূলে রয়েছে।
এদিকে অসময়ের বৃষ্টিতে কেটে রাখা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিবগঞ্জের কৃষকেরা। উৎপাদন খরচের পাশাপাশি ফসলের গুণগত মান ও ন্যায্যমূল্য পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে রোদ উঠলে কষ্টে ফলানো ধান ঘরে তুলতে পারবেন—এমন প্রত্যাশা করছেন তাঁরা।
এই বাংলা/এমএস