মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে ঘিওর সদর ইউনিয়নের চঙ্গ শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
নিহত আব্দুর রশিদ চঙ্গ শিমুলিয়া গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত সমস্যায় ভুগছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন আব্দুর রশিদ। একপর্যায়ে পা পিছলে তিনি গভীর পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। পরে স্থানীয় লোকজনও অনুসন্ধানে যোগ দেন।
খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালান। একপর্যায়ে পানির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল।
বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস