রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সিজকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনায় সাতজন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আহত পর্যটকেরা মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর সাজেক ভ্রমণে আসেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে সিজকছড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িটির নিবন্ধন নম্বর সিলেট-ক-২৩২৪।
দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িতে করে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার পর চালক সুখ কান্তি চাকমা ঘটনাস্থল থেকে চলে যান। তাঁর বাড়ি দীঘিনালা উপজেলার কবাখালী এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আহত সাতজন হলেন—মো. আজাহার মিয়া (৬০), মোসা. শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব, নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) এবং মোসা. আশা (১৩)। তাঁদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা গেছে।
আহতদের মধ্যে আজাহার মিয়া ও শাহানারা আক্তারের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্র জানিয়েছে। নাসরিন মাথায় আঘাত পেয়েছেন এবং শাহজাহান হাতে আঘাত পেয়েছেন। কিশোরী আশা’র ডান হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
এই বাংলা/এমএস