পাবনার ঈশ্বরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ কেজি ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাছ ব্যবসায়ী আব্দুল আজিজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা চিংড়ি মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) ঈশ্বরদী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাজারে মাছ বিক্রির কার্যক্রম তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় মাছ ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে থাকা চিংড়ি মাছ দেখে সন্দেহ হলে তা পরীক্ষা করা হয়। পরে বড় আকারের ৩০ কেজি ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ শনাক্ত করা হয়।
এ ঘটনায় ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০’ অনুযায়ী ব্যবসায়ী আব্দুল আজিজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা চিংড়ি মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং নিরাপদ মাছের বাজার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস