মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ইজিবাইকের পৌর মনোগ্রাম নবায়ন ও মিশুকের মনোগ্রাম চালুর দাবি

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে ইজিবাইকের পৌর মনোগ্রাম নবায়ন না হওয়া এবং মনোগ্রামবিহীন মিশুকের সংখ্যা বাড়তে থাকায় যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে কিশোরগঞ্জ পৌর ইজিবাইক মালিক সমিতি। এ পরিস্থিতিতে ইজিবাইকের পৌর মনোগ্রাম পুনঃনবায়ন এবং মিশুকের জন্য নির্দিষ্ট মনোগ্রাম চালুর দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথকভাবে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৬-১৭ অর্থবছরে কিশোরগঞ্জ পৌরসভা থেকে ইজিবাইকের জন্য মনোগ্রাম প্রদান করা হয়। পরবর্তীতে ২০২০-২১ অর্থবছরে সেটি নবায়ন করা হলেও এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও আর মনোগ্রাম নবায়ন করা হয়নি।

সমিতির নেতৃবৃন্দ জানান, মনোগ্রাম নবায়নের বিষয়ে গত বছরের ২৬ অক্টোবর পৌর প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, ইজিবাইকের মনোগ্রাম নবায়নে মালিকদের আগ্রহ থাকা সত্ত্বেও কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গত ২৭ সেপ্টেম্বর পৌর কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে ইজিবাইক নিবন্ধনের জন্য মাইকিং করা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, কিশোরগঞ্জ শহরে অনুমোদনহীন মিশুকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব যানবাহনে পৌর মনোগ্রাম না থাকায় সেগুলো নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় যানজট ও বিশৃঙ্খলা বাড়ছে বলে দাবি করেছে সমিতি।

যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সমিতির ২২ জন স্বেচ্ছাসেবক নিয়মিত দায়িত্ব পালন করছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

সমিতির নেতৃবৃন্দ দ্রুত ইজিবাইকের পৌর মনোগ্রাম নবায়ন এবং মিশুকের জন্য সুনির্দিষ্ট মনোগ্রাম চালুর দাবি জানান। পাশাপাশি শহরের যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন তারা।

স্মারকলিপির সঙ্গে পৌর প্রশাসকের কাছে আগে দেওয়া আবেদনের অনুলিপি এবং আইনশৃঙ্খলা কমিটির রেজুলেশনের কপিও জমা দেওয়া হয়।

এ সময় কিশোরগঞ্জ পৌর ইজিবাইক মালিক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মহিলা সদস্য রহিমা খাতুন, উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, আজিজুর ইসলাম হিরা, মহি উদ্দিন লিটন, উপদেষ্টা সুজন মেম্বার, কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, শরিফুল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর