শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কাঠালিয়ায় কৈখালী বাজারে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাঠালিয়া ও পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

স্থানীয়দের ভাষ্য, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ততক্ষণে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি গুদামঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফিরোজের কসমেটিকসের দোকান, মন্টু ইলেকট্রনিকস, লিটন মুন্সীর মুদিদোকান, সবুজ খানের কসমেটিকসের গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, লিটনের মুদিদোকান, মতি মোল্লার মুদিদোকান, বিমলের মুদিদোকান ও বেকারি এবং আবদুল কাদেরের টিভি সার্ভিসিং সেন্টার। এ ছাড়া আরও দুটি গুদামঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার মালামাল ও সম্পদ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর