শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বেতাগী হাসপাতালে একই ভবনে নানা রোগের রোগী, সংক্রমণের আশঙ্কা

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার বেতাগী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের একই ভবনে চিকিৎসা দেওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে সাধারণ ও আবহাওয়াজনিত রোগে আক্রান্ত রোগীদের জটিল ও সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের কাছাকাছি অবস্থান করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে বিভিন্ন ধরনের রোগীর জন্য পর্যাপ্ত পৃথক কক্ষ বা আইসোলেশন সুবিধা না থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে নতুন করে সংক্রমণের আতঙ্ক তৈরি হয়েছে। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা পরিবেশ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ৫০ শয্যার হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে একটি দুইতলা ভবনেই হাসপাতালের অধিকাংশ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোগীর চাপ ও হাসপাতালের কার্যক্রমের তুলনায় বিদ্যমান অবকাঠামো পর্যাপ্ত নয় বলেও অভিযোগ তাদের।

হাসপাতালের পাশে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন ধরে নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি নেই বলে স্থানীয়রা জানান। ফলে নতুন ভবন কবে চালু হবে এবং রোগীরা উন্নত পরিবেশে চিকিৎসাসেবা পাবেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের ঠিকাদাররা অর্থসংকটের কারণে নির্মাণকাজ শেষ করতে পারেননি। পরবর্তীতে ভবনটি পুনর্নির্মাণের জন্য সরকার নতুন করে রিটেন্ডার দিয়েছে। নতুন ঠিকাদার নিয়োগের পর নির্মাণকাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে হাসপাতালের খাবারের মান নিয়েও রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ রয়েছে। কয়েকজন রোগী ও স্বজন অভিযোগ করেন, হাসপাতালে সরবরাহ করা খাবারের মান ও পুষ্টিগুণ প্রত্যাশিত নয়। তাদের মতে, চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মানসম্মত খাবার নিশ্চিত করাও জরুরি।

রোগী ও স্বজনদের প্রত্যাশা, বিভিন্ন রোগে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় পৃথক কক্ষ ও আইসোলেশন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে রোগীদের খাবারের মান নিশ্চিত করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা তাদের।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর