নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য কিংবা অতিরিক্ত দায়িত্বনির্ভর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা মৎস্য কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে নিয়মিত দায়িত্বে ঘাটতির পাশাপাশি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা না থাকা বা অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কারণে প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা মৎস্য কর্মকর্তার পদ বর্তমানে কার্যকর দায়িত্বশূন্য রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা পদে কর্মকর্তা থাকলেও তিনি একই সঙ্গে বাগাতিপাড়া উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। প্রায় তিন মাস ধরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদও শূন্য রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা থাকলেও তিনি হাসপাতালে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। উপজেলা সমবায় ও পরিবার পরিকল্পনা অফিসেও পূর্ণাঙ্গ কার্যক্রম নেই বলে অভিযোগ রয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিয়মিত অফিসে উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে।
উপজেলায় শিক্ষা প্রকৌশল অফিস, উপজেলা রিসোর্স সেন্টার, বন বিভাগের অফিস, ক্রীড়া অফিস ও কালচারাল অফিস নেই বলেও জানা গেছে। হিসাবরক্ষণ কর্মকর্তাও অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। রেজিস্ট্রি অফিসের কার্যক্রমও পূর্ণাঙ্গ নয় বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে উপজেলা খাদ্য গুদামের নির্মাণকাজ এখনও চলমান।
একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা না থাকা বা অতিরিক্ত দায়িত্বের কারণে নাগরিক সেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। একই সঙ্গে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।
সংশ্লিষ্টরা বলছেন, একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউএনও, ওসি এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্য থাকলে কিংবা একজন কর্মকর্তাকে একাধিক দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হলে মাঠপর্যায়ে প্রশাসনিক সমন্বয় ও সেবা কার্যক্রমে চাপ তৈরি হতে পারে।
স্থানীয়দের মতে, নলডাঙ্গার মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় দ্রুত এসব পদে নিয়মিত কর্মকর্তা নিয়োগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর পূর্ণাঙ্গ কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রশাসনিক সেবা নির্বিঘ্ন রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
এদিকে গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্যতা, অতিরিক্ত দায়িত্ব ও বিভিন্ন দপ্তরের অনুপস্থিতির কারণ কী এবং এর ফলে প্রশাসনিক কার্যক্রমে বাস্তবে কতটা প্রভাব পড়ছে—তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সচেতন মহলের প্রশ্ন, নলডাঙ্গা উপজেলায় ইউএনও, ওসি, মৎস্য কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ণাঙ্গ ও কার্যকর দায়িত্ব নিশ্চিত করা হবে কবে?
জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলা পরিষদ ২০১৩ সালে গঠিত হয়।
এই বাংলা/এমএস