কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে, থানা পুলিশের সহযোগিতায় উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিল এবং পৌরসভার পয়রাডাঙ্গার মসলিয়ার বিলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে উদ্ধার করা অবৈধ জালগুলো বিলের পাশেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, সাম্প্রতিক সময়ে অবৈধ চায়না জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নির্বিচারে নিধনের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান জোরদার করা হয়েছে। তিনি জানান, উদ্ধার হওয়া ৬২টি জালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা এবং দেশীয় মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে, যা প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলেদের বৈধ জাল ব্যবহারের আহ্বান জানিয়ে বলা হয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

