ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে একটি পরিপক্ব গাঁজাগাছ এবং মাদক সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি মো. মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি মাদক-সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযান চলাকালে একটি প্রায় ১৫ ফুট উচ্চতার পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে আটক করতে গেলে স্থানীয় দুই যুবক আহত হন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করেন।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।

এএসপি মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশ ও বিজিবির সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর এমন অভিযান আরও জোরদার করা হলে মাদক পাচার ও অবৈধ চাষ রোধে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাদক-সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here