নাটোর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষির উন্নয়নে দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সেচ ব্যবস্থা আরও আধুনিক ও সহজলভ্য হয়। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের ঋণ, প্রণোদনা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হয়েছে এবং সারা দেশে তা বিতরণ করা হচ্ছে।
হুইপ দুলু বলেন, “কৃষকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের উন্নয়নের মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ প্রকৃত কৃষকদের মাঝেই বিতরণ করা হবে। অতীতের মতো কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী।
পরে বিকেলে নাটোর সদর উপজেলার শংকরভাগ এলাকায় এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুইপ দুলু।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার এবং জেলা যুবদলের সভাপতি এ. এইচ. আই. তালুকদার ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

