ঝালকাঠির ভিমরুলীতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির ভিমরুলী এলাকায় খালে গোসল করতে গিয়ে আমগাছ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ভিমরুলী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে সবাই খালে গোসল করতে নামে। এ সময় সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দিলে আর ভেসে ওঠেনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে সন্ধ্যা ৭টার পর সানির মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here